২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন মান্নান ভুঁইয়া

চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর গেছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 05:57 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর গেছেন বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া। সোমবার গভীর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। মান্নান ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফুসফুসের জটিলতার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি। আগামী ৩ জুন চিকিৎসা শুরু হবে।" তিনি তার আশু আরোগ্যলাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ টো হ্যাং চেং ও সার্জন টি অ্যাগেস্টাইনের তত্ত্বাবধানে গত জানুয়ারি মাস থেকে তার চিকিৎসা চলছে। এ পর্যন্ত তিনি দুই দফা সিঙ্গাপুর গেছেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল চিকিৎসা শেষে মান্নান ভুঁইয়া দেশে ফেরেন। বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের প্রভাবশালী সাবেক এই মন্ত্রী টানা ১১ বছর বিএনপির মহাসচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে মান্নান ভুঁইয়াকে দল থেকে বহিষ্কার করেন। এরপর ২০০৮ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৫২ ঘ.