চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাড়িবহর ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলম।
সোমবার সকাল থেকে নগরীর দক্ষিণ ও উত্তর পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন তিনি। তার গাড়ি বহরে ছিল একটি ট্রাক ও ১০/১২টি প্রাইভেটকার ও জিপ এবং একই সংখ্যক মোটরসাইকেল।
ট্রাকে ভ্রাম্যমাণ মঞ্চে দাঁড়িয়ে মাইকে উন্নয়নের প্রতিশ্র"তি দিয়ে ভোট ও দোয়া চান তিনি। বৃষ্টিতে ভিজে রাস্তার দু'পাশের বিভিন্ন বাড়িতে গিয়ে ভোটাদের সঙ্গে কোলাকুলি করেন তিনি। উন্নয়নের জন্য তাকে একবার সুযোগ দিতে ভোটারদের আহবান জানান।
তার গাড়িবহরে থাকা বিএনপি কর্মীরা মঞ্জু'র পরিবর্তনের শ্লোগান সম্বলিত লিফলেট বিতরণ করেন।
দিনভর বিরামহীন জনসংযোগের পর সন্ধ্যায় নগরীর মুসলিম হল মিলনায়তনে উত্তর জেলা বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্য বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি সমর্থিত এই মেয়র প্রার্থী বলেন, "আমি গরীবের দুশমন নই, বন্ধু। আমাকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। জনগণ তা বিশ্বাস করবে না।"
ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে তিনি কোনো ধরনের কর বাড়াননি বলে উল্লেখ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগের এক দলীয় শাসনের অবসান শুরু হবে চট্টগ্রামের মেয়র নির্বাচন দিয়ে। এ নির্বাচনে চট্টগ্রামের মানুষ তাদের বয়কট করবে।
উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও উন্নয়ন আন্দোলনের সভাপতি ড. আবুল কাশেম চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে এম মোরশেদ খান, সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান আমন্ত্রিত হলেও কেউ উপস্থিত হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/২৩৩৩ ঘ.
bdnews24