২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে আরো রদবদল

প্রশাসনে সচিব পর্যায়ের তিন কর্মকর্তাসহ উপসচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 05:01 PM

Updated : 25 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে সচিব পর্যায়ের তিন কর্মকর্তাসহ উপসচিব পর্যায়ের বেশ কিছু কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। সচিব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য রীতি ইব্রাহিমকে পরিসংখ্যান বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ পরিকল্পনা কমিশনের ভারপ্রাাপ্ত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফজলে কবিরকে বিসিএস প্রশাসন একাডেমীর মহাপরিচালক (ডিজি) হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। উপসচিবদের মধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত ওবায়দুল আজমকে শিল্প মন্ত্রণালয়ে এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. আমিনুল ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মোশাররফ হোসেনকে পানি সম্পদ মন্ত্রণালয়ে, মান উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্পের উপ-পরিচালক (উপসচিব) ওসমান গনিকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে, গৃহায়ন কর্তৃপক্ষের প্রাক্তন উপ-পরিচালক (উপসচিব) গাজী আলী আকবরকে কৃষি মন্ত্রণালয়ে ও গৃহায়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক আয়ুব আলীকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়। ওএসডি করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত উপসচিব জামশেদ আহমেদকে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপ-পরিচালক জয়নুল বারীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব মলয় তালুকদার এবং কৃষি মন্ত্রণালয়ের উপসচিব সিদ্দিকুর রহমান মান উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্পের উপ-পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৫৫ ঘ.