ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় এক হাজার ৪৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের তালিকায় এই সংখ্যা ছিল এক হাজার ২২টি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদ সোমবার বিকালে এই নতুন তালিকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে হস্তান্তর করেছেন। তার তত্ত্বাবধানেই এই তালিকা করা হয়।
পরে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, " নতুন তালিকায় এক হাজার ৪৮৩ টি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগের তালিকায় এ সংখ্যা ছিলো এক হাজার ২২ টি।"
এটি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে বলে তিনি জানান।
নতুন তালিকার এক হাজার ৪৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ডিগ্রি কলেজ ১৮টি (আগের তালিকায়ও ১৮টি), ভোকেশনাল মাধ্যমিক বিদ্যালয় ১২৯টি (আগের তালিকায় ১৫১টি), দাখিল মাদ্রাসা ২৪০টি (আগের তালিকায় ১৬৩টি), আলিম মাদ্রাসা ৩০টি (আগের তালিকায় ২৭টি), ফাজিল মাদ্রাসা ৮টি (আগের তালিকায় ৬টি) ।
উচ্চ মাধ্যমিক কলেজ ৭৮টি (আগের তালিকায় ৫০টি), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট) কলেজ ১৩৯টি (আগের তালিকায় ১৬১টি), জুনিয়র স্কুল ৫০১টি (আগের তালিকায় ২২৮টি), স্কুল অ্যান্ড কলেজ ১৫টি (আগের তালিকায় ১৪টি), মাধ্যমিক স্কুল ৩২৫টি (আগের তালিকায় ২০৪টি) এমপিওভুক্ত করা হয়েছে।
আলাউদ্দিন আহমেদ আরো জানান, পুরোনো তালিকা থেকে বাদ পড়েছে ৪০-৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান।
অবশ্য তিনি বলেন, যে কোনো পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী চাইলে এটি আবার পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবেন।
নতুন যুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে উপদেষ্টা বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান অনগ্রসর এবং তাদের ভৌগোলিক অবস্থানের কথা বিবেচনা করে তাদেরকে তালিকায় যুক্ত করা হয়েছে।
নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ফলে বাজেট সমস্যা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমপিও'র জন্য ১১২ কোটি টাকা বরাদ্দ রয়েছে। প্রয়োজনে অর্থমন্ত্রীর কাছে আরো বরাদ্দ চাওয়া হবে।
বর্তমান তালিকায় শিক্ষামন্ত্রীর ঘোষিত এ বছরের জানুয়ারি থেকে এমপিওপ্রাপ্তরা বেতন-ভাতা পাচ্ছেন না। উপদেষ্টা শুধু দু'মাসের বেতন-ভাতা প্রদানের সুপারিশ করেছেন।
আগের তালিকা থেকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বেশি বাদ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, এসব প্রতিষ্ঠানের বেশির ভাগই ভুয়া। তাদের অবকাঠামোগত কোনো সুবিধা নেই। এছাড়া এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্থানীয় জনগণ, সাংসদ, মন্ত্রীরা অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করে এমপিও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৭ মে প্রকাশিত হয় নতুন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। এ তালিকায় রাজনৈতিক বিবেচনায় এমপিভুক্তির অভিযোগ উঠে।
পরে গত ১০ মে মন্ত্রিসভার বৈঠকেও এ তালিকা নিয়ে শিক্ষামন্ত্রীর সমালোচনা করা হয়। ওই বৈঠকে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং এমপিও তালিকা ফের যাচাই-বাছাই করার জন্য তিনি শিক্ষামন্ত্রী ও আলাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২০৩৭ ঘ.
bdnews24