২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলাই বাঁধ ভেঙে ২৫ গ্রামে পানি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই বাঁধ ভেঙ্গে গেছে। এতে অন্তত ২৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

মৌলভীবাজার, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই বাঁধ ভেঙ্গে গেছে। এতে অন্তত ২৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বাঁধের কমপক্ষে আরো ২৫টি স্থান ঝূঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রোববার রাতে মাধবপুর ইউনিয়নের ধলাইপার ও শকুর উল্যার গাঁও, মুন্সীবাজার ইউনিয়নের সুরানন্দপুর ও কমলগঞ্জ পৌরসভার উজিরপুর গ্রামের চারটি স্থানে ধলাই প্রতিরক্ষা বাঁধটি ভেঙ্গে যায়। স্থানীয় সাংবাদিকরা জানান, এতে ইসলামপুর, আদমপুর, আলীনগর, শমশেরনগর, মুন্সীবাজার, পতনউষার, মাধবপুর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌরসভার ২৫টি গ্রামে পানি ঢুকেছে। এসব গ্রামে বাড়ির উঠান কমপক্ষে এক ফুট পানিতে তলিয়ে গেছে। কোনো কোনো এলাকায় বসত ঘরেও পানি ঢুকেছে। ধসে গেছে পাঁচটি মাটির ঘর। শনিবার রাতে মাধবপুর ইউনিয়নের শিমুলতলা ও ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধটি ভেঙ্গে যায়। পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গনি জানান, ধলাই প্রতিরক্ষা বাঁধের কমপক্ষে ২৫টি স্থান এখনো ঝূঁকিপূর্ণ। বাঁধ রক্ষায় গত রোববার রাত থেকে কমলগঞ্জ ধলাই নতুন সেতু, আলেপুর ও দক্ষিণ কুমড়া কাপন গ্রামের ঝূকিপূর্ণ স্থানগুলোতে মাটির বস্তা ফেলা হয়েছে। তিনি জানান, ধলাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী জানান, বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সহায়তায় এলাকার লোকজন বাঁধটি রক্ষায় কাজ করছেন। ইউএনও জানান, পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি চাহিদাপত্র পাঠানো হয়েছে। উজানে ভারতীয় এলাকায় বৃষ্টি না থামলে ধলাই নদীর পানি কমবে না বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৭৯ ঘ.