ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার ধীর গতিতে হতাশ হয়ে পল্টনে সমাবেশ ডেকেছিলো যুবলীগ।
বঙ্গবন্ধু এভিনিউতে সোমবার বিকালে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন মির্জা আজম।
"প্রায় দেড় বছর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আছে। কিন্তু নির্বাচনী অঙ্গিকার যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগুচ্ছে না," বলেন আজম।
তিনি বলেন, "তাই আমরা হতাশ হয়ে এই বিষয়ে সরকারের দৃষ্টি খুলে দিতে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছি।"
তাদের ওই কর্মসূচি জামায়াত পরিকল্পিতভাবে করেছে বলে অভিযোগ করেন যুবলীগ সাধারণ সম্পাদক।
পল্টন ময়দানে জামায়াতে ইসলামী ও যুবলীগ একইদিন (৩১ মে) সমাবেশ ডাকায় ময়দানসহ সংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল সভা-সমাবেশের ওপর মনিবার নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি করে পুলিশ প্রশাসন।
১৪৪ ধারা জারির ফলে পল্টন ময়দানে সোমবার যুবলীগ-জামায়াত কোনো দলই সমাবেশ করতে পারেনি।
আজম দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যুবলীগ মাঠে নামলে জামায়াত নেতাদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়ে যাবে বুঝতে পেরে যুবলীগের সমাবেশ পণ্ড করতে পরিকল্পিতভাবে একই দিন পল্টনে সমাবেশ ডাকে জামায়াত।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া তরান্বিত করার দাবিতে যুবলীগ দেশব্যাপি কর্মসূচি নিয়েছে বলে জানান আজম। কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ জুন দেশের সব উপজেলায় ও ৫ জুন সব জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা এবং ১২ জুন ঢাকার মুক্তাঙ্গণে সমাবেশ করে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা। একই দাবিতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লং মার্চ করার পরিকল্পনাও যুবলীগের রয়েছে বলে জানান মির্জা আজম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৫১ ঘ.
bdnews24