খুলনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির মামলায় খুলনায় এসে জামিন নিলেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার সকাল ১১টায় খুলনা মুখ্য মহানগর হাকিম মো. বারেকুজ্জামানের আদালতে হাজির হয়ে তারা জামিন নেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায় জড়িত- ফারুক ও এ্যানির এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়।
গত ৩১ মার্চ একই আদালতে করা মামলায় খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম ১০ কোটি টাকার মানহানির অভিযোগ আনেন।
আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের ৩১ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
একই অভিযোগে ফারুকের বিরুদ্ধে সারাদেশে ২১ মামলাটি হয়েছে বলে তার আইনজীবীরা জানান।
মামলাগুলোতে অভিযোগ করা হয়, গত ১১ ও ১২ মার্চ জাতীয় সংসদে ও তার বাস ভবনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, "প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24