২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মঞ্জুরকে বিএনপি-জামায়াতসহ ১০ দলের সমর্থন

চট্টগ্রামের মেয়র নির্বাচনে এম মঞ্জুর আলমকে জামায়াতে ইসলামীসহ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ১০টি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 11:56 AM

Updated : 25 Aug 2022, 11:27 AM

চট্টগ্রাম, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মেয়র নির্বাচনে এম মঞ্জুর আলমকে জামায়াতে ইসলামীসহ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ১০টি রাজনৈতিক দল সমর্থন দিচ্ছে। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ১০টি রাজনৈতিক দলের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া অন্য আট দল হলো- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলামী পার্টি, মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ ও জাতীয় পার্টি (মতিন)। সংবাদ সম্মেলনে থেকে জামায়াতের মহানগর শাখার নায়েবে আমীর ও নয়টি দলের সমন্বয়ে গঠিত সম্মিলিত নাগরিক পরিষদের প্রার্থী আফসার উদ্দিন চৌধুরী প্রার্থীতা মনজুর আলমের সমর্থনে প্রত্যাহারের ঘোষণাও দেয়া হয়। জামায়াতে ইসলামীর মহানগর শাখার আমীর মাওলানা শামসুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, বিরোধদলীয় নেত্রীর অনুরোধ এবং বর্তমানে যে দুঃশাসন চলছে এর বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি'র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "গত ১৭ বছরে চট্টগ্রাম মহানগরীকে অপরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে। ১৭ বছরে উন্নয়নের যে ধারা তাতে চট্টগ্রামবাসী হতাশ এবং সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে তারা পরিবর্তন চায়।" আমীর খসরু জানান, দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন ও অবহেলিত চট্টগ্রামের উন্নয়নের জন্য মঞ্জুর আলমই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১০ দলের সমর্থিত ঐক্যবদ্ধ প্রার্থী। সংবাদ সম্মেলনে বিভিন্ন দলের মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের, চট্টগ্রামের সাবেক নেতাদের সংগঠন সাবেক ছাত্রনেতৃবৃন্দ ফোরাম সংবাদ সম্মেলন করে উন্নয়ন আন্দোলনের মেয়রপ্রার্থী মঞ্জুর আলমের প্রতি সমর্থন জানান। সংবাদ সম্মেলন থেকে ছাত্রদলের সাবেক নেতৃবৃৃন্দরা মহানগরীর ৪১টি ওয়ার্ডে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। এতে লিখিত বক্তব্য দেন ছাত্রদলের সাবেক সভাপতি নাজিমুর রহমান, সাবেক নেতা মোহাম্মদ আলী, শফিকুর রহমান, আবু সুফিয়ান, লিয়াকত আলী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৫৫ ঘ.