ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, মহাজোট নেতৃবৃন্দ ও সংসদীয় দলের অংশগ্রহনে অনুষ্ঠেয় যৌথ সভাকে 'ইতিবাচক' হিসাবে দেখছে মহাজোটের শরিক দলগুলো।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এই যৌথ সভা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যৌথ সভায় দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহাবুব-উল-আলম হানিফ জানিয়েছেন, এ ধরণের বৈঠক এর আগে আর হয়নি।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যৌথসভাকে 'ইতিবাচক' হিসাবে অখ্যায়িত করে বলেছেন, "সব সিদ্ধান্ত এক সাথে নেওয়ার কথা আমরা সব সময়ই বলে এসেছি। আমরা চাই, এই রকম বৈঠকের মধ্য দিয়ে সব সিদ্ধান্ত নেওয়া হোক।"
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ যৌথ সভাকে স্বাগত জানিয়ে বলেছেন, "এই রকম বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হলে মহাজোটের জন্য ভালো। এই সরকারের সাফল্য অনেক আছে। তবে, সমস্যাও কিছু রয়েছে। বিদ্যুতের সমস্যা রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতিও ততোটা ভালো না। এই রকম বৈঠক থেকে সমস্যাগুলো সমাধানের উপায় বের করা গেলে, তা মহাজোটের জন্যই ভালো হবে।"
কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের বৈঠক নিয়মিত হলেও জাতীয় সম্মেলনের পর গত মঙ্গলবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টারা মহাজোটকে আরো শক্তিশালী করার জন্য শেখ হাসিনাকে তাগিদ দেন। আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সম্মেলন করার জন্যও তারা তাগিদ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৫৫৪ ঘ.
bdnews24