সিলেট, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এর প্রতিবাদে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ধর্মঘট ডেকেছে বিরোধীদল বিএনপি সমর্থক ছাত্রদল।
আহতরা হলেন- বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক এস এম জাহাঙ্গীর, আল-আমীন রাসেল ও মেহেদী।
ছাত্রদল নেতা জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালিয়েছে। তাই দোষীদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন তারা।
ছাত্রলীগ দাবি করেছে, রোববার বিকালে গাজী লিটন, জামাল, মুরাদসহ কয়েকজন বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসে ছাত্রদল নেতাকর্মীরা। তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল শেষে গোপন বৈঠকে মিলিত হয়।
এই খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা মসজিদের পাশে অবস্থান নেয় এবং তাদের 'প্রতিহত' করে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান রাজু দাবি করেন, ছাত্রদল বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে এসে বিশৃংখলা সৃষ্টি করেছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের যে কোন মূল্যে প্রতিহত করা হবে।
প্রক্টর ড. এস এম সাইফুল ইসলাম বলেন, বহিরাগতদের ক্যম্পাসে আসার ব্যাপারে কিছূ জানেন না তিনি। যদি এ ধরনের ঘটনার প্রমাণ পাওয়া যায় তাহলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মঘটের ডাকার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও দাবি করেন প্রক্টর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৩৩ ঘ.
bdnews24