বগুড়া, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর জামায়াতের নেতাকর্মীদের হামলার ঘটনায় করা মামলায় রোববার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার জেলার শাজাহানপুর উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সমাবেশ করার চেষ্টা করলে ১৪৪ ধারা জারি করা হয়।
ওই সময় জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা এবং ইউএনও দেওয়ান আব্দুস সামাদকে মারধর করে। ওইদিনই পুলিশ আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনশ' জনকে আসামি করে একটি মামলা করে।
শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান সাংবাদিকদের জানান, উপজেলার ফুলতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রমজান আলীকে পুলিশ দুপুরে গ্রেপ্তার করে। তিনি জামায়াতের সমর্থক ও মামলার এজাহারভুক্ত আসামি।
ওসি জানান, দুপুর ৩টার দিকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.
bdnews24