২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়াকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করলেন খালেদা

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর রোববার আলোকচিত্র ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন-কর্মের ওপর রোববার আলোকচিত্র ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ । প্রদর্শনীতে জিয়ার বিভিন্ন সময়ের দুর্লভ আলোকচিত্র ছাড়াও ১/১১ এর জরুরি অবস্থার সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন আলোকচিত্র স্থান পায়। খালেদা জিয়া ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি প্রেস ক্লাব কর্মচারি ইউনিয়নের আয়োজনে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সহ-সভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক কামালউদ্দিন সবুজ, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৮ ঘ.