২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৩ দলের সঙ্গে বসছেন খালেদা

আন্দোলন কর্মসূচিতে সমর্থন নিতে শনিবার আরো তিনটি দলের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2010, 07:23 AM

Updated : 25 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন কর্মসূচিতে সমর্থন নিতে শনিবার আরো তিনটি দলের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টায় বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন খালেদার প্রেসসচিব মারুফ কামাল খান। শনিবার বৈঠকে অংশ নেবে মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও খেলাফত মজলিশ। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক করেন খালেদা। চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সঙ্গে ৫ জুন বৈঠকের তারিখ ঠিক হয়েছে বলে মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ২৭ জুন সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। কর্মসূচি সফলে জোট শরিকসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের সমর্থন চেয়ে খালেদার এ আলোচনার আয়োজন। বিজেপি ও ইসলামী ঐক্যজোট হরতালে সমর্থন দিয়েছে। ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের চার সদস্যের প্রতিনিধি দল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করবে। খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আবদুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দলের প্রধান মোহাম্মদ ইছহাকের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল রাত ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩১৭ ঘ.