সিরাজগঞ্জ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চল থেকে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন- মো. আজিজুল হক (৬৭) এবং তার দুই ছেলে বেলাল হোসেন (৩৫) ও স্বপন হোসেন (২০)।
পুলিশের দাবি, আজিজুল ও তার দুই ছেলে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পার্টির সদস্য।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন সাঈদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের যমুনার দুর্গম চরাঞ্চলের বয়ড়া মাসুম গ্রামে অভিযান চালিয়ে শনিবার ভোর ৬টার দিকে আজিজুলের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে মিয়ানমারের তৈরি তিনটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল, একটি অত্যাধুনিক বাইনোকুলার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের গোয়েন্দা বিভাগ, বেলকুচি, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) ও সিরাজগঞ্জ থানার চার ওসিসহ ৫২ জন পুলিশ সদস্য শনিবার গভীররাতে ওই অভিযান শুরু করে।
এর আগে রাত ১টার দিকে সদর উপজেলার হোসেনপুর মহল্লায় শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে নৌ-ডাকাত আব্দুল মালেককে (৩৫) গ্রেপ্তার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। তিনি সদর উপজেলার বিয়ারা ঘাটের বাসিন্দা।
পরে মালেকের দেওয়া তথ্যের ভিত্তিতে বয়ড়া মাসুম গ্রামে অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে যমুনা চরাঞ্চলে ত্রাসের রাজত্ব চালিয়ে আসছিলো।
তিনি জানান, ধারণা করা হচ্ছে, রান্ধুনী বাড়ি পুলিশ ক্যাম্প লুটের ঘটনায় তারা জড়িত।
স
bdnews24