বাগেরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোল্লাহাটে জনতার হাতে এক অপহরণকারী আটক হয়েছে। তাদের হাত থেকে উদ্ধার হয় তিন কিশোরী।
শুক্রবার বিকাল ৩টার দিকে বাগেরহাট-গোপালগঞ্জ সড়কের গাওলা এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের শিরিন (১৫) ও তার বোন শারমিন (১৩) এবং তাদের ভাগ্নি নিপা (১৬)।
আটক অপহরণকারী তারিক মিঞা (২৫) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের আমোদ মিঞার ছেলে।
শিরিন ও শারমিন জানায়, তারা তিনজন বাগেরহাটের রামপালে খালার বাড়ি বেড়াতে যাচ্ছিল। আগের কথামতো দুপুর ২টায় তারা মোল্লাহাট সেতুতে গিয়ে রুহুল নামে তাদের এক খালাতো ভাইয়ের জন্য অপেক্ষা করছিল।
এ সময় কয়েকজন যুবক তাদের ভয় দেখিয়ে জোর করে দু'টি মোটরসাইকেলে তুলে ফকিরহাট উপজেলার দিকে যেতে থাকে। কিছুদূর যাওয়ার পর তারা মোটরসাইকেলের গতি কমালে মেয়ে তিনজন লাফ দিয়ে নেমে চিৎকার শুরু করে এবং দৌড়ে একটি বাড়িতে আশ্রয় নেয়।
এ সময় গ্রামবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে এবং এক অপহরণকারীকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।
মোল্লাহাট থানার ওসি মাসুদ আলম জানান, উদ্ধার করা মেয়েদের থানায় রাখা হয়েছে এবং আটক তারিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি।
আটক তারিক জানায়, পালিয়ে যাওয়া তার তিন সহযোগী হলো- কাহালপুর গ্রামের অরেঞ্জ (৩০), বারুইগাঁতি গ্রামের মিখাইল (২৬) এবং সারুলিয়া গ্রামের লাভলু শেখ (৩০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪১ ঘ.
bdnews24