২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ.এশিয়ায় সমন্বিত বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, সমন্বিত বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের সবগুলো দেশই উপকৃত হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, সমন্বিত বিদ্যুৎ ব্যবস্থাপনার মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের সবগুলো দেশই উপকৃত হতে পারে। তিনি বলেন, এ অঞ্চলের কয়েকটি দেশের বিদ্যুৎ উৎপাদনের বিপুল ক্ষমতা রয়েছে। কিন্তু উৎপাদিত বিদ্যুতের ব্যবহার ক্ষেত্র তাদের নেই। বাংলাদেশ ও ভারতে এ বিদ্যুতের চাহিদা রয়েছে। সমন্বিত জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুললে দক্ষিণ এশিয়া দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যেতে পারবে বলে মনে করেন মসিউর। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে 'অগ্রণী ব্যাংক বতৃতামালায়' প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বিশ্বমন্দার মধ্যেও পূর্ববর্তী বছরগুলোর মত প্রবৃদ্ধি অব্যাহত রেখে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ নিজের সামর্থ্য প্রমাণ করেছে। এখন জ্বালানি-বিদ্যুতের মত মৌলিক কিছু বিষয় নিশ্চিত করতে পারলেই বাংলাদেশের অর্থনীতি দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, মুদ্রাস্ফীতি বাড়লে কোনো কোনো খাত সুবিধা পেলেও দেশের সার্বিক অর্থনীতিতে প্রবৃদ্ধি কমে যায়। এতে দেশের প্রান্তিক শ্রেণী বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, বিদেশে দাম বেড়ে যাওয়ার অজুহাতে বাংলাদেশে অধিকাংশ সময় মুদ্রাস্ফীতি হয়। গণমাধ্যম আমদানিকৃত পণ্যের দামের তালিকা নিয়মিত প্রকাশ করলে অনেকাংশেই এ সমস্যার সমাধান হয়ে যাবে। সিপিডির প্রধান নির্বাহী পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলেন, আগামী দুই দশকের মধ্যে চীনের অর্থনীতি যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। ভারত হবে তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি। অর্থনীতির কেন্দ্র এশিয়ায় সরে আসছে। তাই এ অবস্থায় সুবিধা নিতে হলে বাংলাদেশকে কার্যকর প্রস্ততি নিয়ে অগ্রসর হতে হবে। বতৃতামালা উদ্বোধনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষ না খেয়ে ঘুমাতে যায়। বাংলাদেশেও এ সংখ্যাটি বিপুল। দেশের যাবতীয় অর্থনৈতিক নীতি নির্ধারণে এদের বিষয়টি বিবেচনায় নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২৪৪ ঘ.