ঢাকা মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাজেটে নারী উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ।
তিনি বলেন, "নারীদের উন্নয়নে শিক্ষার উপর আরো নজর দেওয়া দরকার। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও প্রশিক্ষণের উপর বেশি জোর দিতে হবে। নারীদের জন্যে শুধুমাত্র কর্মসংস্থানই নয়, টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।"
শুক্রবার দুপুরে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতি মিলনায়তনে বেসরকারি সংস্থা উন্নয়ন কথা আয়োজিত এক গোলটেবিল বৈঠকে খলীকুজ্জামান এ কথা বলেন।
'জেন্ডার সমতা: প্রাক বাজেট মূল্যায়ন ও সুপারিশ' শীর্ষক এই বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বাজেটে অন্তভুর্ক্ত করা হলেই যে সবকিছু বাস্তবায়িত হয়, এমন নয়। অনেক সময় বাস্তবায়নের আগেই সেগুলো কাটছাঁট হয়ে যায়।"
সাফল্য পাওয়ার জন্য বাজেট সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন পিকেএসএফ প্রধান।
সভায় মূল প্রবন্ধে উপস্থাপন করেন উন্নয়ন কথা'র সভাপতি হান্নানা বেগম।
তিনি বলেন, "টেকসই অর্থনীতি গড়ে তুলতে হলে পিছিয়ে পড়া নারীদের বিশেষ সুবিধা দিয়ে সমপর্যায়ে আনতে হবে। রাষ্ট্রীভাবে নারীর সাংসারিক কাজের অর্থনৈতিক স্বীকৃতি দেওয়া জরুরি। এটি তাদের মর্যাদার অনেক পরিবর্তন ঘটাবে।"
নারীর প্রতি সহিংসতা রোধে আইনি ব্যবস্থা বাস্তবায়ন এবং বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে বাজেট বরাদ্দের সুপারিশ করেন উন্নয়ন কথা'র প্রধান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি সেলিমা আহমদ, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্ট নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এর পরিচালক উমা চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমএসবি/২২৪৫ ঘ.
bdnews24