ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে শনিবার।
এ কার্যক্রমের আওতায় এক থেকে পাঁচ বছরের দুই কোটিরও বেশি শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের 'এ' ক্যাপসুলের পাশাপাশি খাওয়ানো হচ্ছে একটি করে কৃমিনাশক বড়ি।
এজন্য মোট এক লাখ ৪০ হাজার কেন্দ্রে নিয়োজিত আছেন স্বাস্থ্যকর্মী, পরিবার কল্যাণকর্মী ও স্বেচ্ছসেবী।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক শুক্রবার বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে কয়েকটি শিশুকে ক্যাপসুল ও বড়ি খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইনের সার্বিক সাফল্য কামনা করেছেন।
ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএইচএফ) শনিবার শিশুমেলার আয়োজন করে। হাসপাতাল চত্বরে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এ মেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১৫৩০ ঘ.
bdnews24