২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিবিরের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

মানববন্ধন কর্মসূচি পালনের সময় ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 11:16 AM

বরিশাল, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মানববন্ধন কর্মসূচি পালনের সময় ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হর চত্বরে কর্মসূচি পালনের সময় তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, বিনা অনুমতিতে শিবিরের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করছিল। আটককৃতদের ৫৪ ধারায় (সন্দেহভাজন) গ্রেপ্তার দেখিয়ে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এরা হলেন- মহানগর শাখার সভাপতি সাইফুল ইসলাম (২৮), সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম (২৬), বরিশাল পশ্চিম জেলা সভাপতি আজম খান (২৬), পূর্ব জেলা সভাপতি নাসিরউদ্দিন (২৫), কর্মী রুহুল আমিন (২১) ও মিজানুর রহমান (২২)। কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শিবিরের নেতাকর্মীরা মাদক, ধূমপান, ইভটিজিং ও অশ্লীলতার প্রতিবাদে মানববন্ধন করছিলো। তিনি বলেন, শিবিরের শতাধিক নেতাকর্মী মানববন্ধন কর্মসূচি পালন করছে- এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ওই ছয়জনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯১০ ঘ.