সিলেট, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোয়াইনঘাটে ভাতিজার বিয়েতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন বিশ্বনাথ উপজেলার কামালবাজার লালটেক গ্রামের আবদুল গণি (৬৫)।
বুধবার রাত ৮টায় উপজেলার কুনকুরি এলাকায় পিয়াইন নদীতে নৌকাডুবিতে তার মৃত্যু হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।
রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম সাংবাদিকদের বলেন, রুস্তমপুর ইউনিয়নের লামা হাদারপার গ্রামের মনির উদ্দিনের বিয়ে শেষে বুধবার রাতে বরযাত্রী নিয়ে ফেরত যাচ্ছিলো একটি ইঞ্জিনচালিত নৌকা। নৌকায় বরের চাচা বিশ্বনাথের আবদুল গণিও ছিলেন।
রাত ৮টার দিকে নৌকাটি পিয়াইন নদীর কুনকুরি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিন নৌকার সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় বলে কালাম জানান।
অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠে আসলেও আবদুল গনি নিখোঁজ ছিলেন।
গভীর রাতে নদী থেকে গণির লাশ উদ্ধার করা হয় বলে গোয়াইনঘাট থানার ওসি মইন উদ্দিন চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24