খুলনা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের মামলায় খুলনা সিটি করপোরেশনের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার দুপুরে নগরের স্টেডিয়াম এলাকা থেকে আটক করা হয় মিউনিসিপ্যাল সার্ভিস প্রজেক্টের (এমএসপি) সাবেক সহকারী কর্মকর্তা এস এম হাফিজুর রহমানকে।
খুলনা থানার ওসি মুনীর-উল-গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮ সালের আগস্ট মাসে দুর্নীতি দমন কমিশনের খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর রহমান বাদি হয়ে হাফিজুর রহমানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন।
তার বিরুদ্ধে এমএসপি'র ৪৪ লাখ ৫৬ হাজার ১৬৪ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।
ওসি জানান, এ মামলায় হাফিজ উচ্চ আদালত থেকে জামিন নেন। এরপর থেকে তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৩৩ ঘ.
bdnews24