ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে বসুন্ধরা গ্র"পের দুই নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে তাদের বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানার উপ-পরিদর্শক শেখ সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে চারজনের একটি টিম নিয়ে সাদা পোশাকে দায়িত্ব পালন করছিলাম। নর্দা বাসস্ট্যান্ডের সামনের মোড়ে রাস্তায় জায়গা করে দেওয়া নিয়ে বসুন্ধরার একজন কর্মকর্তার ড্রাইভারের সঙ্গে আমার গাড়ির ড্রাইভারের তর্ক হয়।"
তিনি বলেন, "সে সময় ওই গাড়ির ড্রাইভার বেরিয়ে এসে আমার ড্রাইভারকে মারধর করতে শুরু করে। তারা ফোনে আরো কয়েকজন নিরাপত্তা কর্মীকে ডেকে নিয়ে আসে। বাধা দিতে গেলে তারা আমাকে ও আমার সহকর্মীদের মারধর করে তাদের অফিসে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে।"
ঘটনাস্থল থেকে জাকারিয়া (২৫) ও তিতুমীর নামে দুই নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে বসুন্ধরা গ্র"পের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপদেষ্টা মো.আবু তৈয়ব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি হয়েছে। গাড়িকে পাশ দেওয়ার মতো ছোট একটি বিষয় নিয়ে তর্কের এক পর্যায়ে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সাদা পোশাকে থাকায় তারা যে পুলিশের লোক, তা আমাদের লোকেরা বুঝতে পারেনি। এখানে আমাদের লোকেরাও মার খেয়েছে।"
বাড্ডা থানার ওসি মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছয়জনের নাম উল্লেখ করে ও আরো ১৫/১৬জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২১৫১ ঘ.
bdnews24