ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের হাতে আটক অবস্থায় অসুস্থ হওয়া এক ব্যক্তি হাসাপাতালে মারা গেছেন।
আবুল কালাম আজাদ (৪৪) নামে ওই ব্যক্তি মঙ্গলবার সকালে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মারা যান।
সোমবার রাতে আজাদ ও তার ছেলে রিপনকে অশ্লীল ভিডিও সিডি রাখার দায়ে আটক করে র্যাব। মহাখালীর সেনাকল্যাণ কমপ্লেক্সে একটি সিডির দোকানে অভিযানে তাদের আটক করা হয় বলে জানায় র্যাব।
পরে তাদের র্যাব-১ এর কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান আজাদের ছেলে রিপন।
রিপন জানান, তিনি সিডির ব্যবসা করতেন। তার ফার্নিচার ব্যবসায়ী বাবা মাঝে মাঝে দোকানে এসে বসতেন।
র্যাবের গণমাধ্যম ও আইন শাখার পরিচালক মো. সোহায়েল জানান, ভোররাতে আবুল কালাম আজাদ বুকে ব্যাথা অনুভব করার পরপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
আবুল কালাম আজাদ হৃদরোগে আক্রান্ত গেছেন জানিয়ে সোহায়েল বলেন, "এটি স্বাভাবিক মৃত্যু।"
র্যাব জানায়, মঙ্গলবার সকালে আবুল কালাম আজাদ অসুস্থ হয়ে পড়লে রিপনকে ছেড়ে দেওয়া এবং আজাদকে হাসপাতালে পাঠানো হয়।
আজাদ অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার ভোর ৪টায় তাকে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার আরো অবনতি হলে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক সকাল ৮টায় আজাদকে মৃত ঘোষণা করেন।
আটকের পর রিপন ও তার বাবাকে আলাদা কক্ষে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান রিপন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০৪০ ঘ.
bdnews24