রংপুর, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতে তৈরি আটটি তাজা বোমা উদ্ধার করেছে রংপুর পুলিশ।
খলিফাপাড়া মহল্লায় সোমবার রাতে বোমাগুলো পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বোমাগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য কোতোয়ালি থানায় আনা হয়েছে। বোমা উদ্ধারের পর থেকে শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শহরের ধাপ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক চন্দন কুমার সাংবাদিকদের বলেন, "গোপন সংবাদের ওপর ভিত্তি করে শহরের অভিজাত এলাকা আরকে রোডের খলিফা পাড়া মহল্লায় পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।"
লালটেপ দিয়ে প্যাঁচানো বড় আকারের হাতবোমাগুলো কাগজ দিয়ে মোড়ানো ছিলো।
নাশকতার উদ্দেশ্যে বোমাগুলো আনা হয় বলে ধারণা করছে পুলিশ।
এর একদিন আগেই ঠাকুরগাঁওয়ে গণপূর্ত বিভাগের কার্যালয়ের পেছন থেকে হাতে তৈরি শক্তিশালী একটি বোমা উদ্ধার করে পুলিশ। এক কেজি ওজনের ওই বোমাটি শক্তিশালী ছিলো বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩০ ঘ.
bdnews24