২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল ডাকায় সরকার বেসামাল: মীর্জা ফখরুল

হরতাল ডাকায় সরকার বেসামাল হয়ে পড়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:33 PM

Updated : 25 Aug 2022, 10:55 AM

লালমনিরহাট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতাল ডাকায় সরকার বেসামাল হয়ে পড়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। বিরোধীদলে থাকতে আওয়ামী লীগের হরতাল কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, "গত ১৮ মাসে বিএনপি একদিনের হরতাল ডেকেছে। এতেই বেশামাল হয়ে পড়েছে সরকার। এ হরতাল হচ্ছে সরকারের জন্য সতর্ক সংকেত। দ্রুত বিরোধীদলের দাবি মেনে নিন, তাহলে হরতাল করবো না।" সোমবার রাতে লালমনিরহাটে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, এ সরকার তাদের একটিও নির্বাচনী প্রতিশ্র"তি পূরণ করেনি। তারা ১০ টাকায় চাল দিতে চেয়েছিল, কিন্তু সেই মোটা চালের দাম এখন ২৮-৩২ টাকা। বিএনপি নেতা বলেন, "৯১ থেকে ৯৬ পর্যন্ত আপনারা (আওয়ামী লীগ) ১৭৩ দিন হরতাল করেছেন। আর ২০০১ থেকে ২০০৬ থেকে হরতাল করেছেন ১৩০ দিন।" তিনি অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘন করে সীমান্তে প্রায় প্রতিদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিরীহ বাংলাদেশি হত্যা করছে। অথচ প্রধানমন্ত্রী এ নিয়ে কোনো কথা বলেন না। ফখরুল আরো অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ভারত সফরে সেদেশের সঙ্গে বিভিন্ন চুক্তি করলেও তা প্রকাশ করা হয়নি। ভারত থেকে তিনগুণ বেশি দামে বিদ্যুৎ আনার প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু তিস্তাসহ দেশের অন্যান্য নদীর পানির নায্য হিস্যার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কালেকটরেট মাঠের পরিবর্তে নির্ধারিত সময়ের চার ঘন্টা পর রাত সাতটায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এই সম্মেলন শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক একেএম মমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য রাখেন- বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, যুগ্ম সাধরণ সম্পাদক মোরতাজুল করিম, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০১৮ ঘ.