ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৬ জুন সারাদেশে সব চিকিৎকসের প্রাইভেট চেম্বার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
সোমবার রাতে বিএমএ'র এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের পর রাত ১১টার দিকে বিএমএ'র ঢাকা মহানগর সহ-সভাপতি মো. আব্দুর রউফ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রাইভেট চেম্বার বন্ধ রাখার চিকিৎসকদের এ সিদ্ধান্তের কথা জানান।
বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সাবেক সভাপতি অধ্যাপক এ কে এম রফিক উদ্দিনের ওপর হামলার বিচারের দাবিতে এ কর্মসূচি দিয়েছে বিএমএ। গত ৯ মে রফিক উদ্দিনের ধানমন্ডির প্রাইভেট চেম্বার ভাংচুর এবং তাকে অপহরণের চেষ্টা ও চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলাও করা হয়।
সোমবার রাত পৌনে ৯টার দিকে বিএমএ'র কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে বিএমএ ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সদস্যরা ছাড়াও অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান্স অব বাংলাদেশ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, অর্থোপেডিক সোসাইটিসহ চিকিৎসা সংক্রান্ত আরো কয়েকটি সংগঠনের সদস্য উপস্থিত ছিলেন।
একই দাবিতে রাজধানীতে বিশেষজ্ঞ চিকিৎসকরা সোমবার বিকেল থেকে তাদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ রাখেন।
সন্ধ্যায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বিএমএ'ও ওই কর্মসূচি পালন করে বলে সেসময় জানান আব্দুর রউফ।
এ বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে রাতে বিএমএ কার্যালয়ে বৈঠকে বসার কথা তখন জানিয়েছিলেন আব্দুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২৩২৮ ঘ.
bdnews24