কক্সবাজার, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যক্তিমালিকানাধীন একটি জমি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে দলের নেতাকর্মীরা ওই জমিতে আওয়ামী লীগ ও বঙ্গমাতা পরিষদের কার্যালয় লেখা সাইনবোর্ড টানিয়ে দেন।
এস এম রিদুয়ানুল হক নামের চট্টগ্রামের এক ব্যবসায়ী অভিযোগ করেন, তিনি ক্রয়সূত্রে জমিটির মালিক। জমির পরিমান ৩৬ শতাংশ।
জেলা আওয়ামী লীগের নেতারা জমিটি পরিত্যক্ত দাবি করে বলেছেন, তারা দলীয় কার্যালয়ের জন্য ইজারা জমিই দখল করেছেন। পুরো জমি তারা দখল করেননি।
কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জেলা আওয়ামী লীগ তাদের কার্যালয়ের জন্য 'পরিত্যক্ত' জমি বাছাই করে রোববার ৮ শতক জমি ইজারা পাওয়ার জন্য আবেদন করেছে।"
তিনি বলেন, "আবেদন করা মানেই ইজারা পাওয়া নয়। এটার একটা প্রক্রিয়া রয়েছে। আবেদনটি পাওয়ার পর যাচাই-বাছাইয়ের জন্য সহকারী কমিশনারের (ভূমি) কাছে পাঠানো হয়েছে।"
চট্টগ্রামের পাঁচলাইশ বাদুরতলা এলাকার ব্যবসায়ী এস এম রিদুয়ানুল হক সাংবাদিকদের জানান, একদল লোক সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার মডেল থানা সড়কের তার ব্যবসায়িক কার্যালয় তালা ভেঙ্গে দখল করে নেয়।
তারা কার্যালয়সহ তার ৩৬ শতক জমি দখল করে ওখানে 'বাংলাদেশ আওয়ামী লীগ, কক্সবাজার জেলা কার্যালয়' ও 'বঙ্গমাতা পরিষদ'র সাইন বোর্ড টানিয়ে দেয়। তারা কার্যালয়ের চারপাশ ঘিরে বাঁশের বেড়া দিয়েছে।
তিনি অভিযোগ করেন, জমিটি কক্সবাজার মডেল থানার পাশে লাগোয়া হলেও পুলিশ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। দখলকারীরা সরকারি দলের হওয়ায় তিনি বাধা দিতেও সাহস করেননি।
রিদুয়ান নিজেকে আবাসন ব্যবসায়ী পরিচয় দিয়ে দাবি করেন, কক্সবাজার শহরতলীর খুরুস্কুলের মৃত অখিল চন্দ্র পালের পাঁচ ছেলের মধ্যে প্রসন্ন কুমার পাল, কালি কুমার পাল, রাজ চন্দ্র পাল ও রমেশ চন্দ্র পালের ১৯ জন ওয়ারিশের কাছ থেকে ২০০৭ সালের শেষ দিকে ৩৬ শতক জমি কিনে নেন তিনি।
তার আরেক ছেলে শরৎ চন্দ্র পাল ভারতে মৃত্যুবরণ করায় তার অংশের সম্পত্তিটি 'অর্পিত সম্পত্তি' হিসেবেই থেকে যায়।
প্রসন্ন কুমার পালের নাতি, হিরেন চন্দ্র পালের ছেলে মৃনাল কান্তি পাল সাংবাদিকদের জানান, তারা সব ওয়ারিশ চট্টগ্রামের ব্যবসায়ী রিদুয়ানুল হকের কাছে জমি বিক্রি করে দিয়েছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোছাইন দাবি করেন, জেলা আওয়ামী লীগ পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ওই জমি জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নিয়েছে। তারা কারো জমি দখল করেননি।
জেলার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট এস এম সালাহউদ্দীন জানান, পুলিশ এ বিষয়ে কোন অভিযোগ পায়নি। তবে থানা সড়কে জেলা আওয়ামী লীগের একটি সাইনবোর্ড দেখেছেন বলে তিনি জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৫ ঘ.
bdnews24