২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতি শপথ ভেঙেছেন: সংসদীয় কমিটি

রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া দুই বিচারককে শপথ না পড়িয়ে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে একটি সংসদীয় পর্যবেক্ষক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 04:33 PM

Updated : 25 Aug 2022, 10:56 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া দুই বিচারককে শপথ না পড়িয়ে প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছে একটি সংসদীয় পর্যবেক্ষক কমিটি। আইন মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটি সোমবার এক বৈঠকে 'সর্বসম্মতিক্রমে' দুই বিচারককে শপথ পড়ানোতে বিলম্বের কারণে সাংবিধানিক 'অচলাবস্থা' সৃষ্টি হয়েছে আখ্যায়িত করে বলেছে, এটা 'গ্রহণযোগ্য নয়'। বিচারক হিসেবে নিয়োগ পাওয়া রুহুল কুদ্দুস বাবু ও মুহাম্মদ খসরুজ্জামানকে দ্রুত শপথ পড়াতে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্যও সরকারের কাছে সুপারিশ করেছে কমিটি। সোমবার বিকালে সংসদ ভবনে এক বৈঠকের পর কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত সাংবাদিকদের বলেন, "সংবিধান অনুসারে রাষ্ট্রপতি যেহেতু দুই বিচারককে নিয়োগ দিয়েছেন, সেক্ষেত্রে প্রধান বিচারপতির দায়িত্ব তাদের শপথ বাক্য পাঠ করানো।" তিনি বলেন, "তিনি (প্রধান বিচারপতি) বিষয়টি নিয়ে অনেক বেশি বিলম্ব করতে পারেন না কিংবা বিষয়টিকে অনিশ্চিত অবস্থায় ফেলে রাখতে পারেন না, যা শপথ ভঙ্গের সামিল।" গণতান্ত্রিক রাষ্ট্রে এটা গ্রহণযোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, "আমরা সর্বসম্মতিক্রমে এই বিষয়টিকে সাংবিধানিক অচলাবস্থা হিসেবে আখ্যায়িত করেছি এবং এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি।" তিনি জানান, বৈঠকে বিরোধীদলীয় সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীও আওয়ামী লীগ সাংসদদের সঙ্গে এ বিষয়ে একমত পোষণ করেছেন। সুরঞ্জিত সেন গুপ্ত জানান, কমিটি আইনমন্ত্রী শফিক আহমেদকে সাতদিনের মধ্যে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে দেশকে এই 'সাংবিধানিক অচলাবস্থা' থেকে উদ্ধারের পথ বের করার সুপারিশ করেছে। তবে মন্ত্রী সাংবাদিকদের সুপারিশের বিষয়ে কিছু বলতে রাজি হননি। সুরঞ্জিত বলেন, রাষ্ট্রপতি হাইকোর্টের ১৭ বিচারককে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর পরামর্শ নিয়েছেন। তিনি বলেন, "আমাদের চর্চা অনুসারে এই নিয়োগের ব্যাপারে প্রধান বিচারপতির সঙ্গেও আলোচনা করেছেন রাষ্ট্রপতি, যদি এ বিষয়ে তার কিছু বলার থাকতো তবে তা তিনি প্রজ্ঞাপন প্রকাশের আগেই তা বলতে পারতেন।" "এখন সাংবিধানিকভাবে নিয়োগ দেওয়া ওই দুই বিচারককে শপথ বাক্য পড়ানো ছাড়া তার আর কিছু করার নেই", বলেন তিনি। গত ১৮ এপ্রিল প্রধান বিচারপতি ফজলুল করিম ওই দুই বিচারককে বাদ দিয়ে নিয়োগপ্রাপ্ত ১৫ বিচারককে শপথ পড়ান। রুহুল কুদ্দুস বাবু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সমর্থক ছাত্র সংগঠনের নেতা ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় একটি হত্যা মামলায় জড়িত সন্দেহে আসামিও করা হয় তাকে। বাদ পড়া অন্যজন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ খসরুজ্জামান আদালত প্রাঙ্গণে ভাংচুর করছেন-এমন ছবিও ছাপা হয় কয়েকটি সংবাদপত্রে। প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির- এ কথা স্মরণ করিয়ে দিয়ে সুরঞ্জিত বলেন, "বিচার বিভাগের প্রধানকে ডেকে সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি জানাতে পারেন তিনি।" তিনি বলেন, "সংবিধান ও টেকসই গণতন্ত্রের স্বার্থে সকল আইনপ্রয়োগকারী সংস্থার প্রধান, নির্বাহী প্রধান ও বিচারকদের অত্যন্ত দায়িত্বশীল এবং বু্িদ্ধমত্তার সঙ্গে এক হয়ে কাজ করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/জিএনএ/২২৩০ ঘ.