সাতক্ষীরা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়াডাঙ্গা গ্রামে 'অস্ত্র উদ্ধার' করতে গিয়ে গ্রামবাসীদের হাতে র্যাব সদস্যদের অবরুদ্ধ থাকার ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সোমবার সকালে র্যাবের তদন্ত কমিটির প্রধান র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল এ এস এম জাহাঙ্গীর আলম ও সদস্য মেজর জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
শুক্রবার রাত গভীর রাতে শিবপুর ইউনিয়নের নাথুয়াডাঙ্গা গ্রামের সফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র উদ্ধারে যায়।
সফিকুল ও তার পরিবারের অভিযোগ, জানালার গ্রিলের ফাঁক দিয়ে একটি কাপড়ের থলিতে করে কেউ একজন ঘরের ভেতর অস্ত্র ফেলে। তারা ওই অস্ত্র বাইরে ছুড়ে ফেলে দেন। কিন্তু কিছুক্ষণ পর আবারো থলিটি গ্রিল দিয়ে বারান্দায় ফেলার চেষ্টা করা হয়।
তারা অভিযোগ করেন, ওই অস্ত্রসহ র্যাব সদস্যরা সফিকুলকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে র্যাব।
বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে র্যাব সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরদিন সকালে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
ঘটনাটি তদন্তে রোববার দুই সদস্যের কমিটি করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তদন্ত দল ঘটনাস্থল শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সফিকুল ইসলামের বাড়ি যান। তারা বাড়ি ঘুরে দেখেন এবং সফিকুল, তার স্ত্রীসহ কয়েকজনের বক্তব্য শোনেন।
এ সময় র্যাব-৬ (খুলনা) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. খালিদ হাসান, র্যাবের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মঈন সহ স্থানীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তদন্ত কমিটির প্রধান কর্নেল জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ওই রাতে উদ্ধার হওয়া তিনটি অস্ত্র জানালার গ্রিলের ফাঁক দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া সম্ভব কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
অস্ত্রগুলি সফিকুলের নিজের নাকি তা কেউ ষড়যন্ত্র করে তার ঘরে রেখে গেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে র্যাবের জড়িত থাকার অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
র্যাব কর্মকর্তা বলেন, সফিকুলের বাড়িতে অস্ত্র রাখা নিয়ে কেউ ঘড়যন্ত্র করে থাকলে তাকে রেহাই দেওয়া হবে না। গোপন তথ্যের ভিত্তিতে ওই রাতে সফিকুলের বাড়িতে র্যাব অভিযান চালায় বলে তিনি উল্লেখ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24