নারায়ণগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে লাইটারেজ জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে দুই শিশু নিখোঁজ রয়েছে।
জেলা শহরের নিতাইগঞ্জ ফায়ারঘাট এলাকায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলারটি যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ফেরিঘাট থেকে বন্দর উপজেলার মদনগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়।
ফায়ারঘাট এলাকায় আসার পর এর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় কাচপুরগামী একটি লাইটারেজ জাহাজের ধাক্কায় ট্রলারটি ১৫-২০ জন যাত্রী নিয়ে ডুবে যায়।
যাত্রীদের সবাই সাঁতরে তীরে উঠলেও দুইটি শিশু নিখোঁজ রয়েছে।
এরা হলো- রাসেল (৩) ও রাতুল (২)। এরা মদনগঞ্জ এলাকার মো. আলমগীরের ছেলে।
ওসি জানান, খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারটি উদ্ধার করে। কিন্তু শিশু দুটিকে এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭৫৫ ঘ.
bdnews24