২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণ ব্যাংকের খসড়া অনুমোদন

'প্রবাসী কল্যাণ ব্যাংক আইন'র খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ব্যাংকটি হলে বিদেশগামীরা এখান থেকে ঋণ নিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 11:35 AM

Updated : 25 Aug 2022, 10:58 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'প্রবাসী কল্যাণ ব্যাংক আইন'র খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ব্যাংকটি হলে বিদেশগামীরা এখান থেকে ঋণ নিতে পারবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রবাসী কল্যাণ ব্যাংক আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, "বিদেশে কর্মরতদের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এ ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। বিদেশে যাওয়ার জন্য শ্রমিকরা এ ব্যাংক থেকেই ঋণ নিতে পারবেন। পরে তারা বিদেশে তাদের উপার্জিত অর্থ দিয়েই ঋণের টাকা শোধ করতে পারবেন।" তিনি জানান, এ ব্যাংকের মূলধন হবে ৫০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন হবে ১০০ কোটি টাকা, যার ৫ শতাংশ দেবে বাংলাদেশ সরকার এবং বাকি ৯৫ শতাংশ দেবে প্রবাসী বাংলাদেশিরা। ব্যাংক পরিচালনার জন্য প্রয়োজন হলে সরকার ঋণ দেবে। আবুল কালাম বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, এ ব্যাংক লাভজনক হলো কি না, তা বিবেচ্য নয়। এ ব্যাংকের প্রধান দায়িত্ব হবে- প্রবাসীদের কল্যাণ শতভাগ নিশ্চিত করা।" তিনি এ প্রসঙ্গে তিনি আরো বলেন, কখনো দরকার হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এ ব্যাংক তফসিলি ব্যাংক হিসাবে কার্যক্রম চালাতে পারবে। ২০০৯ সালে প্রবাসীরা প্রায় ৭৩ হাজার কোটি টাকারও বেশি অর্থ (রেমিট্যান্স) দেশে পাঠিয়েছিলো। প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা বোর্ডে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৩০ ঘ.