চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
চান্দগাঁও থানার মোহরা সংলগ্ন অনন্যা আবাসিক এলাকার কাছে সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
র্যাবের দাবি, নিহত আলী আক্কাসের (৪৫) নিজস্ব সন্ত্রাসী বাহিনী আছে। তিনি সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ও নগরীর বায়েজীদ বোস্তামী থানার ইসলামপুর এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসী ছিলেন। তিনি ও তার সহযোগীরা ওইসব এলাকায় সরকারি জমিতে বসত বাড়ি নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় খুন, ধর্ষণ ও চাঁদাবাজিসহ নয়টি মামলা ও ছয়টি জিডি আছে।
র্যাব-৭ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ৩টার দিকে অনন্যা আবাসিক এলাকায় র্যাব ও পুলিশের দুটি পৃথক দল টহল দেওয়ার সময় কতিপয় সন্ত্রাসী তাদের লক্ষ করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাব-পুলিশ সদস্যরাও তখন পাল্টা গুলি চালায়।
তিনি বলেন, এসময় উভয়পক্ষের মধ্যে ৩০-৩৫ রাউন্ড গোলাগুলি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলী আক্কাসকে উদ্ধার কর হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
ঘটনাস্থল থেকে একটি এলজি ও দু রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/১৩০৫ ঘ.
bdnews24