ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. তোফায়েল আহমেদ চৌধুরীসহ পাঁচ শিক্ষককে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
অপর চার শিক্ষক হলেন ওই বিশ্ববিদ্যালয়ের ডিন এস এম আবু রায়হান, রেজিস্ট্রার ফিরোজ আহমেদ আখতার, কলেজ পরিদর্শক আনোয়ার হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক বদরুদ্দোজা।
তারা রোববার হাইকোর্টে হাজির হয়ে ১৫ মিনিট দাঁড়িয়ে থাকেন। পরে অবশ্য আদালত তাদেরকে বসার সুযোগ দেন।
এই পাঁচ শিক্ষক নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করে। সেইসঙ্গে হাইকোর্টের আগের দেওয়া নির্দেশ আগামী ১০ দিনের মধ্যে বাস্তবায়নের আদেশ দেওয়া হয় তাদের।
গত ৭ এপ্রিল বগুড়ার মোনায়েন হোসেন বিএড কলেজ, টিএইচ বিপিএড কলেজ ও বগুড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের পক্ষে দায়ের করা তিনটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কলেজ তিনটির অধিভুক্তি নবায়ন, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, ভর্তি ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়।
কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আদালতের নির্দেশ পালন না করে কলেজগুলোকে বিলম্ব ফি হিসাবে শিক্ষার্থী প্রতি অতিরিক্ত ২ হাজার ১শ টাকা প্রদানের জন্য গত ২০ এপ্রিল নির্দেশ দেয়। এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ শিক্ষক আদালত অবমাননা করেছেন বলে কলেজ তিনটির পক্ষ থেকে আদালতে অভিযোগ করা হয়।
তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ কে এম নজরুল ইসলাম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল। পাঁচ শিক্ষকের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মেজবাহউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24