নারায়ণগঞ্জ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও ও আড়াইহাজার উপজেলায় গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার সকালে সোনারগাঁওয়ের বৈদ্যারবাজার ইউনিয়নের বৈদ্যেরবাজার এলাকায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়।
আড়াইহাজারে পৃথক সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ সাতজন আহত হয়েছে।
এসব সংঘর্ষের সময় বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
সোনারগাঁ থানার ওসি মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিকে বলেন, মেঘনা উপজেলার নলচর ও চালিভাঙ্গা গ্রামবাসীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত দু'দিন ধরে সংঘর্ষ চলছিল।
আতঙ্কে চালিভাঙ্গা গ্রামের জজ মিয়া ও তার পরিবারের লোকজন সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার গ্রামে মেয়ের জামাই আমিনুলের বাড়িতে আশ্রয় নেয়।
রোববার সকালে নলচর এলাকার হাবিবুল্লাহ ও তার কয়েকজন সহযোগী বৈদ্যেরবাজারে এসে জজ মিয়াকে ধরে নিয়ে যেতে চাইলে আমিনুল ও তার পরিবারের লোকজন বাধা দেয়।
এ সময় হাবিবুল্লাহ তার লোকজনকে খবর দিলে নলচর এলাকা থেকে দেশি অস্ত্র নিয়ে ১০টি ট্রলারে করে শতাধিক লোক বৈদ্যেরবাজারে আসে।
বৈদ্যেরবাজার ঘাটে ফয়সাল ও টুটুল নামের দুই যুবককে তারা অস্ত্রের মুখে জিম্মি করে বাজারে হামলা ও ভাংচুর চালায়। এ সময় গ্রামবাসী পাল্টা তাদের ধাওয়া করলে সংঘর্ষ বাঁধে।
হামলাকারীরা বাজারের বিভিন্ন দোকানে হামলা চালিয়ে মুল্যবান মালামাল লুট করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী ওবায়দুল ও তারিকুল নামে দুজনেকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
হামলায় আহতদের মধ্যে আছেন- আমিনুল (২৮), রনি (২৯), তোফাজ্জল (২৮), লিটন (২৭), জজ মিয়া (৫০), বারেক (৫০), মজিদ (৬০), হাবিবুল্লাহ (৪৮), দাইবুদ্দিন (৫০)। তাদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশ আটক দুই ব্যক্তিকে ছেড়ে দিয়েছে।
এর প্রতিবাদে এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
এ ব্যাপারে ওসি ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, উপজেলার বিশ্বনন্দী গ্রামে দুই ভাইয়ের পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।
আহতরা হলেন- হালিম (৪০), সোহরাব (৩৫), রোখসানা (২০), পারভীন (৩৫) ও জামাল (২৩)। তাদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরো জানান, উপজেলার বল্লভদি গ্রামে নুরে আলম ও আজগর আলীর মধ্যে বিরোধ চরে আসছিলো। দুপুরে বাজারে যাওয়ার সময় আজগর আলী ৪/৫ জন লোক নিয়ে নুরে আলম (৩২) ও তার সঙ্গী শাহ্ আলম (৩০) এর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
আহতাবস্থায় তাদের এলাকার লোকজন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪০ ঘ.
bdnews24