ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসআই গৌতম রায় হত্যার ঘটনায় পুলিশ ও র্যাবের হাতে গ্রেপ্তার হায়দার-জাকিরকে নিয়ে বিভ্রান্তি নিরসনে রোববার সকালে র্যাব ও মহানগর পুলিশের সঙ্গে বৈঠক করবেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
শনিবার সাংবাদিকদের তিনি বলেন, এ হত্যার ঘটনায় গ্রেপ্তারদের নিয়ে বিভ্রান্তি হওয়ায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ডাকা হয়েছে।
গত ২০ এপ্রিল মধ্যরাতে বংশাল থানার অপারেশন অফিসার গৌতম রায় সুত্রাপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ২৩ এপ্রিল সূত্রাপুর থানা পুলিশ আহমেদ ওরফে হায়দার ওরফে হাদি নামে একজনকে গ্রেপ্তার করে। এরপর সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।
এর দুইদিন পরেই র্যাব আলী হায়দার এবং জাকির হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করে এবং ২৬ এপ্রিল সংবাদ সম্মেলন করে গৌতম হত্যাকাণ্ডের সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করে। সে দিনই র্যাব এই দুইজনকে গৌতম হত্যা মামলার তদন্ত সংস্থা পুলিশের গোয়েন্দা শাখার কাছে হস্তান্তর করে।
ফলে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া হায়দার এবং এর আগে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া হায়দারকে নিয়ে ব্যাপক বিভ্রন্তি দেখা দেয়।
এদিকে পুলিশের গোয়েন্দা শাখা গত ২৮ এপ্রিল জাকির হোসেন ওরফে কাইল্যা জাকির ওরফে বাইট্যা জাকির নামে একজনকে গ্রেপ্তার করলে পুরো ঘটনাই জট পাকিয়ে যায়।
র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির-হায়দার না থানা ও গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জাকির-হায়দার এই হত্যাকান্ডে জড়িত এই প্রশ্ন দেখা দিলে বিভ্রান্তি নিরসনে পুলিশ সদরদপ্তর থেকে সিআইডির প্রধান শাহ জামানরাজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।
এই অবস্থায় শুক্রবার ঢাকা মহানগর পুলিশ কশিমনার একেএম শহীদুল হক দাবি করেছেন, জাকির হোসেন ওরফে কাইল্যা জাকির ওরফে বাইট্যা জাকির, জামাল মল্লিক এবং আহমেদ ওরফে হায়দার ওরফে হাদি এ হত্যাকোণ্ডের সঙ্গে জড়িত।
এ হত্যাকাণ্ডে জাকির হোসেন ওরফে কাইল্যা জাকির ওরফে বাইট্যা জাকির, জামাল মল্লিক, আহমেদ ওরফে হায়দার ওরফে হাদি ও আব্দুর রউফ ভূইয়া সোহেল এই চাজনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/২৩৫৩ ঘ.
bdnews24