২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় তিন লাশ

মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা থেকে শুক্রবার নির্মাণাধীন একটি বাড়ির তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 10:45 AM

ঢাকা, ২১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ শহরের পোড়রা এলাকা থেকে শুক্রবার নির্মাণাধীন একটি বাড়ির তত্ত্বাবধায়কের লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কডমী গ্রামের সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক মাদ্রাসার ছাত্রীর লাশ। সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: মানিকগঞ্জ: নিহত দীন হরি বর্মণের (৪৪) বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার কৈইকুরি গ্রামে। তার মুখে, গলায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে বলে মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান। এসআই জানান, দীন হরি বর্মন পোড়রা এলাকায় নীল কমল রায়ের নির্মানাধীন বাড়ির তত্ত্বাবধায়কের কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির একটি চাপড়া ঘরে ঘুমাতে যান। শুক্রবার সকাল ১১টায়ও ঘর থেকে বের না হওয়ায় বাড়ির মালিক নীল কমল ও আশপাশের লোকজন তাকে ডাকতে থাকেন। পরে তারা ওই ঘরে গিয়ে দীন হরিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। সদর থানার ওসি আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ফরিদপুর: বোয়ালমারী থানার ওসি শেখ আলী আহমদ জানান, নিহত রূপারী খানম (২০) উপজেলার কডমী গ্রামের মোসলেম মোল্লার মেয়ে। তিনি কডমী মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। রূপালীর পরিববারের বরাত দিয়ে ওসি জানান, চিকিৎসক দেখাতে নড়াইল যাওয়ার কথা বলে তিনি (রূপালী) বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে সড়কের পাশে গলা কাটা অবস্থায় তার লাশ দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে ওসি জানান। সিলেট: শুক্রবার বিকাল ৫টায় রেলওয়ে স্টেশন এলাকার ছোয়াব মিয়ার কলোনির সামনের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম জামির আলী গেদা (৩০)। তিনি স্থানীয় খোজারখলার আফতাব মিয়ার ছেলে। পুলিশ এ ঘটনায় মুজাহিদ আলী নামের একজনকে আটক করেছে। সিলেট জিআরপি থানার ওসি বিনয় কুমার জানান, স্থানীয় লোকজন খবর দেওয়ার পর পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি জানান, হত্যা ঘটনায় জড়িত সন্দেহে মুজাহিদ আলী নামের একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৭ ঘ.