ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে শেরপুর ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরে সাতটি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ২০ জন আহত হয়েছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘর-বাড়ি। এ সময় বজ্রপাতে মারা যায় এক কিশোরী।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামে শুক্রবার ভোরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
শেরপুর: নিহত শারমীন আক্তার সীমা (১৫) সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শহীদুল ইসলাম ভুট্টোর মেয়ে। সে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে গিয়েছিল। স্থানীয় একটি স্কুলে দশম শ্রেণীতে পড়তো সীমা।
উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া, জঙ্গলদি, ভাগলদি, বেপারিপাড়া, চুনিয়ারচর, ডাকপাড়া এই সাতটি গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে শতাধিক কাঁচা ঘর-বাড়ি ও তিনটি মসজিদ ধসে পড়ে এবং গাছ-পালা উপড়ে যায় বলে স্থানীয়রা জানান।
আহতদের মধ্যে ৫ জনকে জামালপুর জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন ও নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।
ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের কাজ চলছে বলে জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জ: নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের সাইদুর রহমান (৪০) ও তার স্ত্রী জোৎস্না বেগম (৩৫)।
রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, রাতে সাইদুর দম্পতি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। ঝড়-বৃষ্টির মধ্যে ভোর ৪টার দিকে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮০৭ ঘ.
bdnews24