সিরাজগঞ্জ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা উত্তরপাড়া মসজিদের জন্য চাঁদা তোলা নিয়ে গয়লা উত্তরপাড়া মহল্লায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে ২ মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, গয়লা উত্তরপাড়ার বাসিন্দা চাঁন মিয়া ও গোলজার হোসেন শুক্রবার বেলা ১২ টার দিকে পাথর বোঝাই একটি ট্টাক থেকে হার্ড পয়েন্ট সংলগ্ন মসজিদের জন্য চাঁদা চাইলে একই মহল্লার আকবর বাধাঁ দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।
এর জের ধরে বেলা সাড়ে ১২ টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে সংষর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ারেছ আলী মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬১০ঘ.
bdnews24