২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ঝিনাইদহে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 09:26 AM

Updated : 25 Aug 2022, 10:48 AM

ঝিনাইদহ, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে একটি বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন। নিহতদের একজন বাস চালক মোবারক হোসেন (৩৩) ও অপরজন ট্রাক চালক নাজিম হোসেন (৪৫)। পুলিশ জানায়, আহতদের মধ্যে আটজনকে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং চারজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আহতদের বেশিরভাগই বাসের যাত্রী। ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রূপসা পরিবহনের বাসটি খুলনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলো। গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে বিপরীত দিক থেকে আসা বালিবোঝাই ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ ঘটে।" তিনি জানান, দুর্ঘটনায় ট্রাকচালক গাড়ির ভেতরেই আটকা পড়ে। পরে ট্রাকের অংশ কেটে তার লাশ বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/কেএমএস/১৬১৯ ঘ.