২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা বিভাগীয় পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্রের সাবেক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 06:53 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

খুলনা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাতের অভিযোগে খুলনা বিভাগীয় পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্রের সাবেক পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে দুদকের (খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান বাদি হয়ে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বাগেরহাট প্রতিনিধি জানান। মামলার আসামিরা হলেন- মো. হুমায়ুন কবীর, মো. আবু সুফিয়ান, এস এম আব্দুর রশিদ, গোবিন্দ কুমার রায় ও মো. মাকসুদুর রহমান। এরা সবাই খুলনা বিভাগীয় পরমাণু চিকিৎসা ও আল্ট্রাসাউন্ড কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী ছিলেন। এদের মধ্যে প্রথম তিনজনকে এই অর্থ আত্মসাতের অভিযোগে পরমাণু শক্তি কমিশন ২০০৭ সালে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে। অপর দুজনের মধ্যে গোবিন্দ কুমার রায় বর্তমানে ফরিদপুর এবং মো. মাকসুদুর রহমান সাভারে কর্মরত রয়েছেন। দুদকের (খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা) সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তরা ১৯৯৮ সালের ১ এপ্রিল থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালে ৩৩ লাখ ৭২ হাজার ছয়শ' টাকা আত্মসাত করেছেন। রক্ত পরীক্ষা খাতে রোগীদের কাছ থেকে নেওয়া এই অর্থ তারা হিসাব শাখায় জমা না দিয়ে আত্মসাত করেন। ঘটনা জানাজানি হওয়ার পর ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর অভিযুক্তরা অগ্রণী ব্যাংক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার চলতি হিসাবে সেবাদান খাতে সাত লাখ টাকা জমা দেন। গত বছরের ১৮ মার্চ পরমাণু শক্তি কমিশন এই দুর্নীতি বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে অনুরোধ জানায়। তদন্তে অর্থ আত্মসাতের সঙ্গে এই পাঁচ জনের সম্পৃক্ততার প্রমাণ পায় দুদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৪২ ঘ.