২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচন: প্রতীক বরাদ্দের পরই প্রচারণা

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (সিসিসি) নির্বাচনী প্রতীক না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা না চালানোর পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে (সিসিসি) নির্বাচনী প্রতীক না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা না চালানোর পরামর্শ দিয়েছে নির্বাচন কমিশন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীদের ভোট চাইতে কোনো বাধা নেই। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, "প্রার্থীরা প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারকাজ চালাতে পারবেন না। এ সময় তারা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে পারেন। নির্বাচনী প্রতীক পাওয়ার পর প্রার্থীরা পথসভা ও ঘরোয়া সভা করতে পারবেন।" আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিএনপি সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম মঞ্জুসহ মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামীর আফসারউদ্দিন চৌধুরী ও জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ। ঘোষিত তফশিল অনুযায়ী, ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ জুন। চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২ জুন। সিসিসি নির্বাচনে মিছিল-জনসভা করায় নিষেজ্ঞা রয়েছে। দেয়াল লিখন ও রঙিন পোস্টার ব্যবহার করে সব রকম নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই সম্ভাব্য প্রার্থীরা প্রচারণামূলক কাজ করায় ইতোমধ্যে এবিএম মহিউদ্দিন চৌধুরী, মঞ্জুর আলম মঞ্জু ও সাংসদ আব্দুল লতিফকে সতর্ক করে দেওয়া হযেছে বলে জানান এই নির্বাচন কমিশনার। নির্বাচনী আইন ও আচরণবিধি অনুসরণে প্রাথীর্, ভোটার, রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা চান তিনি। সাখাওয়াত আরো জানান, প্রার্থী চূড়ান্ত না হওয়ায় তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থীদের বিষয়ে কঠোরতা অবলম্বন করা হবে। নির্বাচনী আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কমিশন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে। আচরণবিধি মানা হচ্ছে কি না তা তদারকি করতে প্রার্থীতা চূড়ান্ত হওয়ার পর অর্থাৎ ৩ জুন থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত (১৮ জুন) প্রতি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি। প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে ছয় মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দিতে পারবে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব ধরনের দেয়াল লিখন, প্রচারণা পোস্টার তুলে ফেলার আহ্বান জানিয়ে সাখাওয়াত হোসেন সতর্ক করে দেন যে, ২০ মের পরও দেয়াল লিখন বা পোস্টার পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিল করা হবে। কোনও ক্ষেত্রে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির প্রমাণ পেলে কমিশন তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে। এলাকার ভোটার নন-এমন কাউকে নির্বাচনী কাজে সম্পৃক্ত না করতে প্রার্থীদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, "কেউই বহিরাগতদের আশ্রয় দেবেন না। এতে কমিশন বিব্রত হবে। আর কমিশনও ব্যবস্থা নিয়ে প্রার্থীকে বিব্রত করবে। নির্বাচনে পোলিং এজেন্টদের সংশ্লিষ্ট ওয়ার্ডের ভোটার হতে হবে। অভিযোগ থাকলে লিখিতভাবে প্রিজাইডিং অফিসার বা নির্বাচনের দায়িত্বে থাকা অন্য কোন কর্মকর্তাকে জানাতে হবে।" সিটি করপোরেশন নির্বাচনকে 'নির্দলীয়' নির্বাচন অঅখ্যায়িত করে নির্বাচন কমিশনার আরো বলেন, নির্দলীয় হলেও সিটি করপোরেশন নির্বাচন রাজনৈতিক নির্বাচন। তবে দলীয় প্রতীক বরাদ্দ না দেওয়ায় তা নির্দলীয় নির্বাচন। কোনো প্রার্থী দলের সমর্থন পেলেও এ নির্বাচনে দলীয় কোনো শ্লোগান-প্রতীক ব্যবহার করা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১৪৯ ঘ.