পটুয়াখালী, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চিত্র পরিচালক ও অভিনেতা সুভাষ দত্তকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নাস্তা খাওয়ার সময় পেটে সমস্যা দেখা দেওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা এখন ভালোর দিকে বলে জানিয়েছেন তার মেয়ে শিল্পী দাশ।
গত ৯ মে সুভাষ দত্ত পটুয়াখালীতে মেয়ে শিল্পীর বাড়িতে বেড়াতে আসেন।
মেয়ে জামাই অশোক দাশ সাংবাদিকদের জানান, ডা. আতিকুর রহমান ও ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন আছেন।
শিল্পী জানান, সকালে সুভাষ দত্তের অবস্থা খারাপ ছিলো। তাঁর বয়স ৮০ বছর হয়েছে।
ডুমুরের ফুল, আর্বিভাব, সুতরাং, কাগজের নৌকা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বসুন্ধরা, নাজমা, ফুলশয্যা, আলিঙ্গন, স্বামী-স্ত্রী, আগমনসহ বেশকিছু চলচ্চিত্র পরিচালনা করেছেন সুভাষ দত্ত।
একুশে পদকসহ বেশ কয়েকটি পুরস্কার পাওয়া এই চিত্র পরিচালক নাটক ও টেলিফিল্মও পরিচালনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24