২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসির জন্য এসিড টেস্ট: খসরু

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) জন্য 'এসিড টেস্ট' হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 09:49 AM

Updated : 25 Aug 2022, 10:43 AM

চট্টগ্রাম, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) জন্য 'এসিড টেস্ট' হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকালে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মঞ্জুর আলম মঞ্জু মনোনয়নপত্র জমা দেওয়ার পর চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। বর্তমান নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট অভিযোগ করে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের পদত্যাগ দাবি করেছে বিএনপি। ২৭ জুন দেশব্যাপী যে দাবিতে হরতালের ডাক দিয়েছে দলটি, তার মধ্যে ইসির পদত্যাগের বিষয়টিও রয়েছে। খসরু বলেন, "আমরা আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। ভোলার উপনির্বাচনসহ বিভিন্ন কর্মকাণ্ডে বর্তমান নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট।" বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে জানান বিএনরপির উপদেষ্টা পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি খসরু। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী ওয়ার্ড কাউন্সিলর মঞ্জু সাংবাদিকদের বলেন, "একটি ভালো, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি।" মঞ্জু এক সময় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। তবে গত সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চট্টগ্রাম নগরীর একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃতীয় হন। তার মনোনয়ন নিয়ে বিএনপির কোন্দলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিলো না; ক্ষোভও ছিলো না।" কেন্দ্রীয় বিএনপি মঞ্জুকে সমর্থনের ঘোষণা দেওয়ার পর চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন এক সংবাদ সম্মেলনে সমর্থনের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মঞ্জুর সঙ্গে শাহাদাতও ছিলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে শাহাদাতকে জড়িয়ে ধরেন তিনি। শাহাদাত বলেন, তিনি কখনোই মঞ্জুকে সমর্থনের বিরোধিতা করেননি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য বুধবার নির্বাচন কমিশন চিঠি দিয়ে সতর্ক করে মঞ্জুকে। জেলা নির্বাচন অফিসের রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর কাছে দুপুর সাড়ে ৩টায় মনোনয়নপত্র জমা দেন মঞ্জু। তার সঙ্গে আরো ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন পরিষদের আহ্বায়ক আবুল কাশেম। আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মঞ্জুর আগে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের এবিএম মহিউদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামীর আফসারউদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৬৪১ ঘ.