ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থেকে বৃহস্পতিবার এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. সুমন (২৬) কদমতলী থানা এলাকার পলাশপুর গ্যাস রোডের জহির উদ্দিনের ছেলে।
কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে নূরপুর এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা সেখানে লাশটি পড়ে থাকার খবর জানায়।
তিনি জানান, লাশ উদ্ধারের পর জানা যায় সুমন একটি হত্যা মামলার আসামি ছিলেন। ওই মামলায় পাঁচ বছর এবং একটি ডাকাতি মামলায় বেশ কিছুদিন কারাভোগের পর সম্প্রতি তিনি বেরিয়ে আসেন।
সুমন বুধবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন জানিয়ে ওসি আইয়ুবুর বলেন, "লাশটি জবাই করা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো।"
তিনি আরো জানান, প্রতিপক্ষের কোনো সন্ত্রাসী গ্র"প সুমনকে হত্যা করতে পারে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এজে/১৪০৭ ঘ.
bdnews24