ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়া সফরের পর মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি সংবাদ সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে কুয়ালালামপুর পৌঁছলে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।
শেখ হাসিনা বুধবার ষষ্ঠ ইসলামী অর্থনৈতিক ফোরামে ভাষণ দেবেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।
কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী উঠেছেন হোটেল ইস্তানায়।
বৃহস্পতিবার মালয়েশিয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন হাসিনা। একইদিন প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা সভায়ও যোগ দেবেন তিনি।
শুক্রবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।
ছয়দিনের সফরে গত শনিবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রথমে তিনি যান দক্ষিণ কোরিয়া। সেখানে সোমবার এসকাপের ৬৬তম অধিবেশনে বক্তব্য রাখেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুটি চুক্তি হয়। এর পাশাপাশি দুটি সমঝোতা স্মারকও সই হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৩০ ঘ.
bdnews24