২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লায়লা: বন্দরে ২ নম্বর দূরবর্তী সতর্কতা

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ঘূর্ণিঝড় 'লায়লা' কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 03:51 AM

Updated : 25 Aug 2022, 10:41 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার ঘূর্ণিঝড় 'লায়লা' কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে সরতে পারে বলে বুধবার ভোররাতে আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। বুলেটিনে আরো জানানো হয়, 'লায়লা' বুধবার ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কারণে সাগর অনেক উত্তাল থাকবে বলেও বুলেটিনে বলা হয়। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিুচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে আরো ঘনীভূত হয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'লায়লা'য় রূপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯৪৫ ঘ.