২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে উন্নয়ন সহায়তা বাড়াবে কোরিয়া

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্প অবকাঠামোর আধুনিকায়নে উন্নয়ন সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 06:37 PM

Updated : 25 Aug 2022, 10:37 AM

সউল, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং শিল্প অবকাঠামোর আধুনিকায়নে উন্নয়ন সহায়তা বাড়ানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার কোরীয় প্রসিডেন্টের অফিসের বরাত দিয়ে কোরিয়া টাইমস এ খবর দিয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার সকালে সউলে প্রেসিডেন্ট কার্যালয়ে (চিয়ং ওয়া দায়ে) কোরীয় প্রেসিডেন্ট লী মিউং-বাক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এক শীর্ষ বৈঠকে দুই নেতা বাংলাদেশ-কোরিয়া অর্থনৈতিক সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে একমত হন। উন্নয়ন সহায়তা বাড়ানোর মাধ্যমে এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে কোরীয় সরকারের পরিকল্পনা, দক্ষিণ এশিয়ায় শিল্পের ক্ষেত্রে অন্যতম বড় শক্তিতে পরিণত হওয়ার ব্যাপারে বাংলাদেশের প্রচেষ্টা ইত্যাদি বিষয় তাদের মধ্যে আলোচনায় প্রাধান্য পায়। প্রেসিডেন্ট লী কোরিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশে জাহাজ নির্মাণ, নির্মাণ শিল্প এবং তথ্য প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কোরীয় বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, তিনি চান বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, তেল-গ্যাস অনুসন্ধান, সড়ক-মহাসড়ক ও সেতু নির্মাণে আরো বেশি কোরীয় কোম্পানি অংশ নিক। কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত 'আরিরাং' টেলিভিশনের খবরে বলা হয়, শীর্ষ বৈঠকে শেখ হাসিনা ও লী মিউং-বাক বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হন। শীর্ষ বৈঠকে উপস্থিত কর্মকর্তারা জানান, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং দু'দেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার লক্ষ্যে দুই নেতা সরকারি সংস্থা, বেসরকারি সংস্থা ও প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তাদের মধ্যে বিনিময় আরো বাড়ানোর ব্যাপারেও একমত হন। গত বছর কোরিয়া একশ কোটি মার্কিন ডলারের পণ্য বাংলাদেশে রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে আমদানি করে ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলারের পণ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/০০২৬ ঘ.