২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নচাপ এখন ঘূর্ণিঝড় লায়লা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় 'লায়লা'য় রূপান্তরিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 06:47 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড় 'লায়লা'য় রূপান্তরিত হয়েছে। দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি কিছুটা উত্তর-পশ্চিম দিকে সরে আরো ঘনীভূত হয়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় 'লায়লা'য় রূপ নিয়েছে। নিম্নচাপটি মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং মংলা বন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিলো। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে সরতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। নিম্নচাপটির কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের চারপাশে সাগর অনেক উত্তাল রয়েছে বলে বুলেটিনে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৫৪০ ঘ.