২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিক্ষানবিশ চিকিৎসকদের ধর্মঘট চলছে

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনাকারীকে গ্রেপ্তারসহ সাতদফা দাবিতে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকদের ধর্মঘট চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

ফরিদপুর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক লাঞ্ছনাকারীকে গ্রেপ্তারসহ সাতদফা দাবিতে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকদের ধর্মঘট চলছে। রোববার সন্ধ্যায় রোগীর আত্মীয়ের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগে এবং আগে দেওয়া দাবিতে তারা ওইদিন রাত ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন। সোমবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের বৈঠক হলেও সমঝোতা না হওয়ায় ধর্মঘট অব্যাহত থাকে। তাদের দাবিগুলো হলো- রোগীর আত্মীয়-স্বজন ও দালালদের অবাধে হাসপাতালে প্রবেশ নিয়ন্ত্রণ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপন, নতুন অ্যাম্বুলেন্স প্রদান, শিক্ষানবিশ চিকিৎসকদের জন্য হোস্টেল নির্মাণ, আইসোলেশন ওয়ার্ড সমৃদ্ধকরণ, বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ করার সুযোগ না দেওয়া এবং চিকিৎসক লাঞ্ছনাকারীকে গ্রেপ্তার ও শাস্তি দেওয়া। এ ব্যাপারে ইন্টার্নি চিকিৎসক পরিষদের সভাপতি হৃদয় রঞ্জন বর্মন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাত দফা দাবিতে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছি। কর্তৃপক্ষ এর আগে আমাদের অন্য দাবিগুলো পূরণের ব্যাপারে আশ্বাস দিলেও কোনো উদ্যোগ নেয়নি। "আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টা পর্যন্ত দেখে পরবর্তী কর্মসূচি দেব।" তবে কর্তৃপক্ষ হাসপাতালে আগতদের জন্য পাশ ইস্যু এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নিয়েছে বলে তিনি স্বীকার করেন। হাসপাতালের তত্বাবধায়ক গুরুদাস সিকদার বলেন, লাঞ্ছনাকারী ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তিনি পুলিশ পাহারায় শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দর্শনার্থীদের জন্য পাশ ইস্যু এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নিয়ে বাকি দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দিলেও তারা ধর্মঘট প্রত্যাহার করেনি বলে তিনি জানান। দুপুর ১২টায় ইন্টার্নি চিকিৎসকদের সঙ্গে বৈঠকে হাসপাতালের তত্বাবধায়ক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়াহাব ভূঁইয়া এবং মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৬ঘ.