২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাক চাপায় দুজনের মৃত্যু, আহত ৬০

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপা পড়ে দুজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 10:36 AM

নাটোর, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাপা পড়ে দুজন নিহত ও কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। উপজেলার কালিকাপুরে ঢাকা-নাটোর মহাসড়কে সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোরগামী রড বোঝাই একটি ট্রাক ওই স্থানে গৃহবধূ রাবেয়া বেগমকে (৩৬) চাপা দেয়। এ সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ট্রাকটি পালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে আহম্মদপুর হাটে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় হাটে পাঁচটি রিক্সাভ্যান ও একটি মাইক্রোবাস দুমড়ে মুচড়ে যায়। ট্রাকটি উল্টে গেলে রডের নীচে চাপা পড়ে আহম্মদপুর গ্রামের ভ্যানচালক মো. ঠান্ডা (৩২) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত ৬০ জন। আহতদের মধ্যে 'নাটোর বার্তা' পত্রিকার সম্পাদক এ কে এম নজরুল ইসলামও রয়েছেন। ট্রাক চাপায় গুরুতর আহত গৃহবধূ রাবেয়াকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের বনপাড়া আমেনা ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ট্রাকটি হাটে ঢুকে পড়ার পর এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এর পরপরই বিক্ষুব্ধ জনতা ঢাকা-নাটোর মহাসড়ক অবরোধ করে। প্রায় দেড় ঘন্টা অবরোধকালে সড়কের উভয় দিকে কয়েক'শ যানবাহন আটকা পড়ে। পুলিশ এসে রাস্তা থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে জনতার সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সাংসদ আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে একটি গতিরোধক তৈরির আশ্বাস দিলে সকাল ১০ টার দিকে জনতা অবরোধ তুলে নেয়। বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালককে ধরা যায়নি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৮৪৫ ঘ.